বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

নবাবগঞ্জ পাইলট স্কুলের প্রাক্তন ছাত্র আবু আশফাককে সংবর্ধনা দিলো ছাত্র সমিতি

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুলের প্রাক্তন ছাত্র ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাককে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি।

বুধবার রাত নয়টায় রাজধানীর ইস্কাটন রোডের সুইড কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জ পাইলট স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাহমুদ আলী খানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাবেক ব্যাংকার আব্দুর রউফ।

ওই বিদ্যালয়ের একমাত্র সাবেক শিক্ষার্থী হিসেবে খন্দকার আবু আশফাকের সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এসময় আশফাককে সংবর্ধিত করে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ নানা উপহার প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য আশফাক বলেন, আজকের এ আয়োজন স্কুল জীবনের সকল স্মৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শত বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ছাত্র হয়ে নিজেকে ধন্য মনে করছি। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র দেশের বিভিন্ন স্থানে গুণীজন হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে সবাই যেন সমাজের কল্যাণে নবাবগঞ্জের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে পারেন সেই জন্য সকলের সহযোগিতা চান সংসদ সদস্য।

অনুষ্ঠানে বিগত ৫০ বছরে অধ্যায়ন করা সকল ব্যাচের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়। এসময় সকলেই তাঁদের স্কুল জীবনের সোনালী দিনের স্বপ্ন বোনা গল্পের স্মৃতিচারণ করেন।

নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সাবেক অর্থ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ব্যবসায়ী ওবায়দুর রহমান, সাবেক এএসপি আব্দুল হাকিম, সাবেক স্বাস্থ্য সচিব আলী নূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাবেক ভিপি আমজাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com