বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পল্লবি কচি-কাঁচার মেলার সহযোগিতায় স্ব স্ব বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ফল উৎসব। এসময় ছাত্র শিক্ষকসহ অভিভাবকদের উপস্থিতিতে এক মনোরম পরিবেশ তৈরী হয়। প্রতিটি বিদ্যালয়ের আঙ্গিনায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
ফল উৎসবে মাঝিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্নতি সরকার বলেন, আমার বিদ্যালয়ের শিশুরা ও তাদের অভিভাবকদের আয়োজনে এ ফল উৎসব। এতে সবার মাঝে এক ধরনের আনন্দ ও উৎসাহ তৈরী হয়েছে। মৌসুমী ফলের এ সময়ে আজকের আধুনিক যুগের শিশুরা বিলুপ্তি হওয়ার পথে এমন ফল সম্পর্কে জানতে পারছে এটাও তাঁদের জন্য শিক্ষার অংশ।

সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, শিশুদের আগ্রহ উদ্দীপনা বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কচি-কাঁচার মেলার এমন অভিনব কাজকে সামনে এগিয়ে নিতে আরো সাংগঠনিক মনোযোগী হতে হবে। ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়ার আশা আজকের শিশুদের আগামীর ভবিষ্যতের মেধা প্রতিভার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। এসময় শিক্ষক আগত অতিথি ও অভিভাবকরা শিশুদের পসরা সাজানো ফলের সাথে পরিচয় করিয়ে দেন। পরে সবাই মিলে ফল খেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।
এসময় উপস্থিত ছিলেন কচি কাঁচার মেলার সংগঠক শুভাসীশ গোস্বামী, শিক্ষানুরাগী রুবেল তালুকদার, শহীদুল ইসলাম, অভিভাবক ফাহমিদা আক্তার, সাফিয়া বেগম প্রমুখ।