সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি ঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় কাপড়ের মার্কেট চাঁদনী প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মার্কেটের অন্তত ১০টি দোকান মালিকের প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও মার্কেটের ব্যাসায়ীরা জানান, সকাল ৭টার দিকে চাঁদনী প্লাজার সজীব সাহার নিউ মডেল নামের দোকান থেকে স্থানীয় কয়েকজন ধোঁয়া বের হতে দেখেন। মুহুর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় প্রচণ্ড বেগে ধোঁয়া মার্কেটের জুড়ে ছড়িয়ে পড়ে।
মুহুর্তে আগুন সুমন মন্ডলের ফ্যাশন ক্লাব, রাজের ব্লু গ্যালারী ছাড়াও জিনস পার্ক, সুজন ফ্যাশন, মুরসালিন ফ্যাশনসহ ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আতংকিত হয়ে মার্কেটে অর্ধশতাধিক দোকান মালিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে। দোকানের মালামাল সরিয়ে নেয়।
ব্যবসায়ীরা জানান, এতো বড় কাপড়ের মার্কেট। এতো গুলো দোকান। আগুন রাতে লাগলে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যেতো।
নিউ মডেলের মালিক সজীব সাহা জানান, গতকালও ঢাকা থেকে মালামাল এনেছেন। সকালে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে ডেকোরেশন, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি মো. সাদ্দাম আহমেদ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয় এমপি মহোদয়কে জানানো হয়েছে।
দোহার ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত মো. সোহান আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। মালামাল উদ্ধারে আমরা কাজ করেছি।
খবর পেয়ে সকালেই নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।