শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।
প্রথমে সকাল ১১টায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এরপর দুপুর পৌনে ১২ টায় খুলনা সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয় সংগ্রহ করেন সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান মিন্টু ও করুবায়েত হোসেন। রুহুল কবির রিজভী তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মেয়র পদে বিএনপির এ মনোনয়নের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া মনোনয়ন জমা দেয়ার সময় দলের কাছে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।
বিএনপির এ মনোনয়নপত্র আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এসময়ের মধ্যে যারা দলের পক্ষে নির্বাচন করতে ইচ্ছুক তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। আর আগামীকাল ৬ এপ্রিল শুক্রবার দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দিতে হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা প্রর্যন্ত যে কোনো সময় এ মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
এছাড়া আগামী ৮ এপ্রিল খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে দলের মনোনয়ন পেতে আগ্রহীদের সাক্ষাতকার গ্রহণ হবে। দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় এ সাক্ষাতকার গ্রহণ করা হবে।