শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম মেট্রো রেলপথ। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ আগামী বছরের ডিসেম্বরে চালুর জন্য প্রস্তুতি চলছে। এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল।
গত ২৯ আগস্ট দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত ট্রেন চালানো হয়েছিল। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দিয়াবাড়ি থেকে মিরপুর-১০ নম্বরের কাছে ৬ নম্বর রেলস্টেশন পর্যন্ত ছয় বগির একটি ট্রেন চালানো হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে এ অংশে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেনের গতি ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার। ট্রেন ছিল ছয়টি বগির সমন্বয়ে একটি সেট।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বেলা ১টার দিকে দিয়াবাড়ি থেকে মিরপুরের ছয় নম্বর রেলস্টেশনের মধ্যে জাপান থেকে আনা একটি ট্রেন চালানো হয়। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ট্রেনের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিয়াবাড়ি থেকে রওনা দেওয়ার পর প্রতিটি স্টেশনে ট্রেন থেমেছে ১০ থেকে ১২ মিনিট। মিরপুরের উঁচু ভবন থেকে এই ট্রেন চলাচলের দৃশ্য অনেকেই উপভোগ করেন।