শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। অর্জনে কোন লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে যারা বিদ্রোহ করেছে আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না। দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোন বাধা দিবে না। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শীঘ্রই বেগমগঞ্জ থেকে লক্ষীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। কোন অবস্থাতেই লক্ষীপুর পিছিয়ে থাকবে না, লক্ষীপুরের লক্ষী ফিরিয়ে আনা হবে।

লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষীপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com