শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ঢাকা-১৮ উপনির্বাচনে প্রার্থী হবেন ভিপি নুর

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকদিন আগেই। দল গোছানোর পাশাপাশি এবার জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। জানালেন, সহযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনের নেতারা বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা করছেন। তারা নুরুল হক নুরকে সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে দেখতে চান। এ নিয়ে নুরকে জিজ্ঞাসা করা হলে বিষয়টি স্বীকার করে তিনি বলেন- ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছে আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই।

তিনি আরো বলেন, গত কয়েক বছর ধরে মানুষের অধিকারের জন্যই তো আন্দোলন সংগ্রাম করে এসেছি। দেশে ভোটের নামে প্রহসন চলছে, এ নিয়েও আমরা কথা বলেছি। সবাই চাইলে সেই আন্দোলনের অংশ হিসেবেই উপনির্বাচনে প্রার্থী হতে চাই। জয়-পরাজয়কে কোনো ফ্যাক্টর মনে করছি না, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনে অংশ নিতে পারি।

ভিপি নুরুল হক নুর বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত কালো টাকা আর পেশিশক্তি নির্ভর। আমাদের এই দুটোর একটিও নেই। ডাকসু নির্বাচনের উদাহরণ দিতে পারি- প্রত্যেকটি হলসহ আমাদের প্যানেলের মোট নির্বাচনী খরচ ছিল ১ লাখ ১৩ হাজার টাকা। আর ছাত্রলীগের প্যানেল থেকে একজন ভিপি প্রার্থী একাই খরচ করেছেন ৮০ লাখ টাকা। এই পার্থক্যটা জাতীয় রাজনীতিতেও বজায় রাখতে চাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com