শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের মেয়র পদে আতিকুল ইসলামের ওপরই আস্থা রাখলো ক্ষমতাসীন আওয়ামী লীগ; দক্ষিণে নৌকার বৈঠা তুলে দেওয়া হল ফজলে নূর তাপসের হাতে।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র ও কাউন্সিলর পদে মনোনীতদের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, সব বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানাতে তাদের একটু সময় লাগছে।
তবে উত্তরে মেয়র আতিকের সঙ্গে দক্ষিণে সাংসদ তাপস যে চমক হয়ে আসছেন তা রাতেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় ফেইসবুকে আওয়ামী লীগ নেতাদের অভিনন্দন বার্তায়।
আর গেল বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতায় সমালোচিত দক্ষিণের মেয়র মো. সাঈদ খোকন যে এবার আর আওয়ামী লীগের টিকেট পাচ্ছেন না, সে আভাস গত ২৬ ডিসেম্বরই পাওয়া গিয়েছিল। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, রাজনৈতিক জীবনে তিনি ‘কঠিন সময়’ পার করছেন।
তার জায়গায় এবার মনোনয়ন পাওয়া ব্যারিস্টার তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে। তিন মেয়াদ ধরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসা তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদেরও নেতৃত্বে আছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত নভেম্বরে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আর আনিসুল হকের মৃত্যুর পর এ বছর ফেব্রুয়ারিতে উপ নির্বাচনে জিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আসেন মো. আতিকুল ইসলাম। তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক এই সভাপতি আতিক এর আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন।
আওয়ামী লীগের মত বিএনপিও ঢাকা উত্তরে তাদের পুরনো প্রার্থীর হাতে ভোটের টিকেট তুলে দিয়েছে। শনিবার এই সিটিতে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের নাম ঘোষণা করা হয়, যিনি ২০১৫ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগের আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চলতি বছরের শুরুতে এ সিটিতে উপ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।