সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় প্রায় ৪৮ ঘণ্টা ধরে অবস্থান করা অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর ফলে কয়েকদিন ধরে চলা অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করলে তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়ে। পরে বিজিবির বাধার মুখে তারা সেখানে অবস্থান করতে বাধ্য হয়। টানা প্রায় ৪৮ ঘণ্টা খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটান ওই ব্যক্তিরা।

স্থানীয় সূত্র জানায়, আটকে পড়াদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং কয়েকজন শিশু থাকায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়। সীমান্ত এলাকায় কৌতূহলী মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এ ধরনের ঘটনায় মানবিক ও কূটনৈতিক সংবেদনশীলতা থাকায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com