বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জোহানেসবার্গে গুলিবর্ষণে নারীসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গুলিবর্ষণে নারীসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো নয়জন।

বুধবার (১০ জুন) সংবাদ মাধ্যম ই-নিউজ চ্যানেল আফ্রিকার (ইএনসিএ) বরাতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ডের জাম্পার্সের এ ঘনবসতিপূর্ণ এলাকায় গুলিবর্ষণে ১২ জন নিহত এবং আরো নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলিবিদ্ধ অবস্থায় একাধিক ভুক্তভোগীকে দেখতে পায়।

ইএনসিএ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারীকে মৃত ঘোষণা করা হয় এবং পরে হাসপাতালে আরো একজন পুরুষের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সাদা গাড়িতে করে আসা ১০ জনেরও বেশি ভারী অস্ত্রধারী সন্দেহভাজন ব্যক্তি বসতির বিভিন্ন স্থানে গুলি চালিয়ে পালিয়ে যান। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com