সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ থেকে:: ঢাকার নবাবগঞ্জের ২২ নং গোল্লা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রোববার (২৬ জুলাই) মহাকবি কায়কোবাদের বিখ্যাত ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।
প্রতিযোগীরা হলো- রক্তিম সরকার, অরিন সরকার, সিদ্ধার্থ সরকার, পিয়াল মন্ডল, অর্নব সরকার এবং কাজী আহনামা আহমেদ।
ক্ষুদে আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কবিতার ছন্দ ও ভাবের আবেগময় পরিবেশনায় মুগ্ধ করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে রক্তিম সরকার, দ্বিতীয় স্থান অর্জন করে অরিন সরকার এবং তৃতীয় স্থান লাভ করে সিদ্ধার্থ সরকার।
বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং সহকারী শিক্ষকদের নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এরকম সৃজনশীল শিশুতোষ প্রতিযোগিতা প্রতিনিয়ত হোক আমার সোনামনিদের জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ ‘পল্লবি কচি-কাঁচার মেলা’র সদস্য আবির হোসেন অনিক।
প্রবাস থেকে শিশু বান্ধব প্রিতম মন্ডল বলেন, আমাদের মহাকবি কায়কোবাদের ‘আজান’ কবিতার মতো অমর সৃষ্টি শিশুদের হৃদয়ে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। কবিতা আবৃত্তি শিশুদের মেধা বিকাশ, শুদ্ধ উচ্চারণ এবং সংস্কৃতির প্রতি অনুরাগ তৈরিতে দারুণ ভূমিকা রাখে। আজকের শিশুরা যেন আনন্দময় ও শিশু-বান্ধব পরিবেশে নিজেদের সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে পারে, সেই সুযোগ আমাদের সবসময় তৈরি করে দিতে হবে।”
সন্তানদের এমন সাফল্য ও সুন্দর নৈপুণ্য দেখে উপস্থিত অভিভাবকেরা উৎসাহ প্রকাশ করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের এই শিক্ষণীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সকলের অংশগ্রহণে ২২ নং গোল্লা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ আয়োজনটি একটি সফল ও স্মরণীয় ইভেন্টে পরিণত হয়।