রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ভারতে ছাত্র আন্দোলনে এবার সরকার পতনের ডাক

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লিতে নিজের ১০ জনপথের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নামা সব শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। তার ভাষায়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও আন্দোলনকারীদের দুটি প্রধান দাবি এখনও পূরণ হয়নি। প্রথমত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।

রাহুল গান্ধী কৃষক, শ্রমিক, দরিদ্র ও সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবিধানিক উপায়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোই প্রকৃত সাহস। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসে গেছে এবং জনগণকে ভয় না পেয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এর আগে, কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র ছাত্র আন্দোলনের মুখে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পদত্যাগের ঘোষণা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং চলমান আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের একদিন পরই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা আসে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরে আন্দোলনের মঞ্চ থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দাবি করেন, গত ১৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্য থেকেই ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়।

প্রধান বিচারপতি স্পষ্ট করে জানান, তার মন্তব্যটি সাধারণ বেকার তরুণদের উদ্দেশে ছিল না; বরং ভুয়া আইনজীবী ডিগ্রিধারীদের প্রসঙ্গে করা হয়েছিল। গণমাধ্যমে সেই মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ায় তা দেশজুড়ে ভাইরাল হয় এবং পরবর্তীতে ছাত্র আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com