রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ার ইস্ট জাভা থেকে সাউথ কালিমান্তান যাওয়ার পথে জাভা সাগরে ২৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরই বড় আকারের উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো।
বোর্নিও দ্বীপে অবস্থিত সাউথ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন শহরের তল্লাশি ও উদ্ধার দপ্তর জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামক জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুই ঘণ্টা পর তারা বিষয়টি জানতে পারেন। জাহাজটি ইস্ট জাভা প্রদেশের ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর সুরাবায়া থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৩ মিনিটে বানজারমাসিনের উদ্দেশ্যে রওয়া হয়েছিল।
তল্লাশি ও উদ্ধার দপ্তরের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় বলেন, জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছে এমন খবর পাওয়ার পর এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পিটি ভার্গো ইওয়েল রিহি’ বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান রেকর্ড করা হয়েছিল। জাহাজের তালিকা অনুযায়ী এতে ২৪১ জন যাত্রী ছিলেন।
ঘটনার পরপরই বানজারমাসিনের বাসিরিহ তল্লাশি ও উদ্ধার কেন্দ্র থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল ও নৌযান জাহাজটির সম্ভাব্য শেষ অবস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সুদায়ানা জানান, নিখোঁজ জাহাজটির বিপুল সংখ্যক মানুষের প্রাণ সংশয়ে থাকায় সব ধরনের উদ্ধার সরঞ্জাম ও কর্মী মোতায়েন করা হচ্ছে। নৌ-মন্ত্রণালয় ও অন্যান্য সামুদ্রিক এজেন্সির সঙ্গে সমন্বয় রেখে ও আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই তল্লাশি চালানো হচ্ছে।
তথ্যসূত্র: এপি