রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল

মো: বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামায়াতের উপজেলা কার্যালয় থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার।

বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আমির আহাম্মেদসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। তাদের দাবি, এ সনদ কার্যকর হলে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও অর্থ পাচার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ কারণেই একটি মহল জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। বক্তাদের দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। তারা অবিলম্বে গণভোটের ফলাফলের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জবাবদিহিতা এবং স্বাধীন গুম কমিশন গঠনের বিষয়ে ইতিবাচক নন, তারাই গণভোটের রায় বাস্তবায়নের বিরোধিতা করছেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com