বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ থেকে উন্মুক্ত

একুশের কণ্ঠ প্রতিবেদন:: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে এই সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই জাদুঘর।

জাদুঘরে দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

জাদুঘরে প্রবেশসংক্রান্ত নির্দেশনা নিচে তুলে ধরা হলো-

টিকিট মূল্য : প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন স্লট বুকিং: দর্শনার্থীদের এই লিঙ্কে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে।

স্লট পূর্ণ হলে করণীয় : কোনো নির্দিষ্ট দিনের (যেমন ৬ আগস্ট) সব স্লট বুকড হয়ে গেলে আবেদনকারীকে পরবর্তী দিনের খালি থাকা সময় বেছে নিতে হবে। অনুমোদিত সময়েই কেবল দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন।

অতিরিক্ত ভিড় এড়ানো এবং দর্শনার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করতেই সময়ভিত্তিক অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com