শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জাতীয় পার্টি মহাজোটে নেই আর থাকবেও না: এরশাদ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে আমি বলতে পারি, জাতীয় পার্টি মহাজোটে নেই আর থাকবেও না, তবে বিরোধী দলে আছে।

১৩ মে রোববার দুপুরে রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে বাংলা হাইস্কুল মাঠে জাতীয় যুব সংহতির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত আলী চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন, সাধারণ সম্পাদক ফাকরুল আলমগীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এরশাদ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগকে সহযোগিতা করবে জাতীয় পার্টি। তার মতে, আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে ঠিকই; কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। এ নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুত আছে জাতীয় পার্টি।

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন। তবে আশাকরি, নির্বাচন যেন সুষ্ঠু হয়।

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, মহানগর জাপার সেক্রেটারি এসএম ইয়াসীর, জাপা নেতা ডা. আক্কাস আলী সরকার ও হাজি আবদুর রাজ্জাকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সুত্র-সমকাল

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com