শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

জাতীয় পার্টি হবে জাতীয়তাবাদের মূল শক্তি: জি এম কাদের

ই-কণ্ঠ অনলাইন::

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী দিনে জাতীয় পার্টি থাকবে জাতীয়তাবাদের মূল শক্তি হিসেবে। তাই জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এ দেশের সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছেন। আমরা তার আদর্শই বাস্তবায়ন করে যাবো।’

তিনি আরো বলেন, জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিএনপির নেতাকর্মীরা যোগদান করছেন। আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন।

জাপায় যোগদান করা বিএনপি নেতা সৈয়দ মনজুর হোসেনকে অভিনন্দন জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো শোকাহত। আপনাদের এই যোগদান শোককে শক্তিতে পরিণত করবে।’

যোগদানকারী বিএনপি নেতা মঞ্জুর হোসেন বলেন, ‘১৯৮৬ সাল থেকে জনসেবায় বিএনপির সঙ্গে রাজনীতি করছি। এক যুগ হয়ে গেলো, জনগণের কল্যাণে কোনো কাজ করার সুযোগ পাচ্ছি না। এরশাদের মৃত্যুর পর তার জনপ্রিয়তা দেখে আমি অনুপ্রাণিত হই। তার আদর্শ ছিল জনকল্যাণমূলক। এরশাদের অহিংস রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পার্টিতে যোগদান করলাম।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও সুজন দেসহ নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com