বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:: মাঠে গোলের পর গোল। রেকর্ডের পর রেকর্ড। ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু জীবনের ব্যক্তিগত গল্পেও এবার এলো নতুন অধ্যায়। দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন নাগরিক জর্জিনা রদ্রিগেসকে বিয়ে করেছেন পর্তুগিজ মহাতারকা।

মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া নাগরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। কাছের মানুষদের উপস্থিতিতে হওয়া সেই আয়োজনে ছিলেন তাঁদের পাঁচ সন্তানও। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি পরা হাতের ছবি প্রকাশ করে নিজেদের নতুন সম্পর্কের খবর জানান দুজন।

২০১৬ সালে মাদ্রিদে প্রথম দেখা। তখন জর্জিনা কাজ করতেন একটি গুচি স্টোরে। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় সম্পর্কে। ২০১৭ সালে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাঁদের। এরপর প্রায় এক দশকের পথচলা। সাফল্য, আলো, ব্যক্তিগত আনন্দ, কঠিন সময়, সবকিছুর সঙ্গী ছিলেন দুজন।

২০২৫ সালের আগস্টে বাগদানের খবর জানিয়েছিলেন জর্জিনা। আর ঠিক এক বছর পর, সেই সম্পর্ক পেল বিয়ের পূর্ণতা।

রোনালদো ও জর্জিনার রয়েছে দুই কন্যা, আলানা ও বেলা। তাঁদের সঙ্গে রোনালদোর অন্য সন্তানদের নিয়েও গড়ে উঠেছে একটি বড় পরিবার। ২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় তাঁদের ছেলে অ্যাঞ্জেল মারা যায়। সেই কঠিন সময়ও একসঙ্গে পার করেছেন তাঁরা।

ফুটবল মাঠে রোনালদোর গল্প এখনো চলছে। ৪১ বছর বয়সেও তিনি গোল করে চলেছেন, আর ক্যারিয়ারে প্রায় এক হাজার গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন। স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসরের পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়েও গড়েছেন অসংখ্য কীর্তি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com