শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

জনবিচ্ছিন্ন সরকার বেশি দিন টিকে না : ড. এমাজউদ্দীন

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট: ক্ষমতাসীন সরকারকে জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, যে সরকার জনবিচ্ছিন্ন হয় সে সরকার বেশি দিন টিকে না। তিনি গতকাল এক সভায় বলেন, দেশের মালিক জনগণ, এদের থেকে যদি কোনো সরকার বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই সরকারের স্থায়ীত্ব বেশি দিন হয় না। এই সরকারও বেশি দিন টিকবে না, কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

৪ এপ্রিল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের নেতা এম এ বাশারের সভাপতিত্বে আরো বক্তৃতা দেন বিএনপির ভাইস চেয়াম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, লেবার পার্টির একাংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ। সভা পরিচালনা করেন ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

ড. এমাজউদ্দীন আহমদ বলেন, রাজনীতি স্থিতিশীলতা ছাড়া অর্থনীতি স্থিতিশীলতা দীর্ঘতা পায় না। অর্থনীতি উন্নয়নের পূর্বে সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে ও সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে নিয়েও সন্দিহান। এদিকে আবার মহাসচির অসুস্থ তাহলে বিএনপি সামনের দিনগুলো কীভাবে চলবে অনেকেই আমাকে প্রশ্ন করেন। এই দল তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, দলটি এক অর্থে জনসাধারণের দল, দলের গঠনতন্ত্রে দল পরিচালনার ব্যাপারে দিকনির্দেশনা দেয়া আছে। প্রথম থেকে দশম পর্যন্ত কার কী করতে হবে তা বলা আছে। গঠনতন্ত্র অনুযায়ী যার যা দায়িত্ব তা পালন করে চললেই হবে।

বেগম খালেদা জিয়ার পেছনে জনগণের যে সমর্থন আছে তাতেই সরকার ভীত বলে মন্তব্য করে এমাজউদ্দীন আহমদ বলেন, জনসাধারণ এরশাদের পতনের সময়ও এক হয়েছিল, এখনো হবে তার জন্য সময় লাগবে। জনগণ সচেতনায় কাজ করতে হবে। লক্ষ্য একটাই- গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সরকার নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি মারামারি করে নিঃশেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বেগম খালেদা জিয়ার কারাবাস সরকার স্থায়ী করতে চায় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, দুর্নীতির তদন্ত করা নয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতেই কাজ করছে দুদক। আজকে কথা বলার অধিকার নেই, কোর্টে বিচার নেই। এ দেশের জনগণ বেগম জিয়াকে শুধু বিএনপি নেত্রী মনে করে না, তারা মনে করে গণতন্ত্রের নেত্রী, অধিকারের নেত্রী, জনগণ বেগম জিয়ার দিকে চেয়ে আছে বেগম জিয়াকে জনগণ একদিন মুক্ত করে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী বানাবে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি আজ অসুস্থ, তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেয়া হোক। সরকারের কোনো আনুকূল্য আমরা চাই না।

তিনি বলেন, আওয়ামী লীগ ভয় থেকেই দিশাহারা হয়ে একের পর এক মামলা দিচ্ছে দুদক দিয়ে কল্প-কাহিনি সাজাচ্ছে। সরকার আগামী নির্বাচনকে বাঁচামরার হুমকি হিসেবে নিচ্ছে। সরকার যেভাবে হোক ক্ষমতায় থাকতে চায়, এটা করতেই সরকার এক একটা পাপ ঢাকতে নতুন নতুন পাপ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com