শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

চিকিৎসা শেষে ফের কারাগারে লুৎফুজ্জামান বাবর

সিলেট ব্যুরো::

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে দশ ট্রাক অস্ত্র মামলা ও একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারাগারে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন।

ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, চিকিৎসা শেষে বেলা সোয়া ১২টার দিকে বাবরকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, হাসপাতালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আসার খবর পেয়ে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, কারাগারে লুৎফুজ্জামান বাবর কিছুটা অসুস্থতা অনুভব করার কথা জানান। এর পরই দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তির প্রয়োজন হয়নি।

তিনি বলেন, বাবরের যে শারীরিক অবস্থা, তাতে মনে হয় না তাকে ঢাকায় নেয়া লাগবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com