শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

গোপন বৈঠকের অভিযোগে বিএনপির ১৭ নেতা গ্রেপ্তার

একুশের কণ্ঠ অনলাইন: রাজধানীর বাংলামোটরের একটি ভবনে বৈঠক করার সময় বিএনপির ১৭ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ এপ্রিল রোববার বিকেলে পুলিশ তাঁদের আটক করে। পুলিশ বলছে, গোপন বৈঠকের অভিযোগে ওই ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক নেতাদের মধ্যে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুল হুদা, সহসভাপতি ইউনুছ মৃধা, যুগ্ম সম্পাদক কে এম জোবায়ের, আলমগীর হোসেন, আ ন ম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, গোপন বৈঠকের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির প্রস্তুতি ও গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে কৌশল ঠিক করতে ঢাকা মহানগর বিএনপির নেতারা বাংলামোটরে একটি ভবনে বৈঠকে বসেন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরই পুলিশ তাঁদের আটক করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না, তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সুত্র-প্রথম আলো

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com