শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপির একটি সাত সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই চিঠি নিয়ে আসেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। প্রায় ১ ঘন্টারও বেশী সময় ধরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয় বিএনপির প্রতিনিধি দলের।

বৈঠক শেষে আমান সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চাই। সেজন্য সমাবেশের অনুমতি চেয়ে ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি।’

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গণসমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে।’

এসময় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন যায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করেন। তিনি বলেন, ‘ডিএমপি কমিশনারের কাছেও আমাদের বেশ কিছু অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার আতঙ্কসহ বিভিন্ন সংকটের বিষয়েও জানানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com