শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

খালেদা জিয়ার জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি

একুশের কণ্ঠ অনলাইন:: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। একইসঙ্গে দলটি অভিযোগ করে বলেছে, খালেদা জিয়ার পরে এখন প্রধানমন্ত্রীর পরবর্তী টাগের্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৮ এপ্রিল বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যাচার। সরকারি মেডিকেল বোর্ড তাকে অর্থপেডিক বেড দেওয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কারাগারে খালেদা জিয়ার কোন চিকিৎসাই হচ্ছে না। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা যেসব চিকিৎসা সেবা পেতেন সে সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, মনে হচ্ছে এর পেছনে সরকারি কোন গভীর চক্রান্ত রয়েছে। এখন পর্যন্ত তার (খালেদা) সাথে কারাকর্তৃপক্ষ ও সরকার যে ধরনের আচরণ করেছে এবং তার চিকিৎসা নিয়ে যে টালবাহানা করছে তাতে তার জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছি।

রিজভী বলেন, বাংলাদেশের কিছু গণমাধ্যম একেবারে নিলর্জ্জভাবে আত্মা বিক্রি করে দিয়েছে এই নির্দয় অবৈধ সরকারের কাছে। তারেক রহমানকে টার্গেট করে প্রধানমন্ত্রীর যে মনের ক্ষোভ, তার যে মনের প্রতিহিংসা- এটা চরিতার্থ করতে তিনি আরেকটা রোডম্যাপ খোলার চেষ্টা করছেন।

কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে ডিবি অফিসে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিদ্যমান আইনে এগুলো শাস্তিযোগ্য অপরাধ। তবে এসব বিষয়ে সরকার নিশ্চল, নিশ্চুপ এবং দুস্কর্মের সহায়তাকারী। সুতরাং এই ঘটনা আইনের শাসনের চোখেই কালো কাপড় বাঁধার শামিল।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, মুজিবুর রহমান সারোয়ার, হাবিবুল ইসলাম হাবিব, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com