শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

একুশের কণ্ঠ অনলাইন:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল এবং আপিল বিভাগের স্থগিতাদেশ তুলে নেওয়া সংক্রান্ত খালেদা জিয়ার আবেদনের ওপর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়।

শুনানিতে বক্তব্য তুলে ধরেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।

সকালে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খালেদা জিয়া খুবই অসুস্থ। মেডিক্যাল সার্টিফিকেটও আমরা জমা দিয়েছি। আমরা আশা করি খালেদা জিয়া আজ এ মামলায় জামিন পাবেন।’

এর আগে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন। একইসঙ্গে ওইদিন আপিল বিভাগ জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করেছেন। এ ছাড়া আদালত দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com