শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
আটদিনের মধ্যে একদিন বিএনপি কেন্দ্রীয়ভাবে ও বাকি সাতদিন দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামীকাল ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, ২৬ এপ্রিল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ২৭ এপ্রিল শুক্রবার বাদ জুমা’ খালেদা জিয়ার মুক্তি ও রোগ নিরাময়ের জন্য মিলাদ মাহফিল, ২৮ এপ্রিল সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ২৯ এপ্রিল সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
এছাড়া ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে সর্বশেষ গত ৩ এপ্রিল খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি করেছিল বিএনপি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ- প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ। সূত্র: শীর্ষনিউজ, বাংলা ট্রিবিউন, সমকাল