শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খালেদা জিয়া খুবই অসুস্থ। মেডিক্যাল সার্টিফিকেটও আমরা জমা দিয়েছি। আমরা আশা করি খালেদা জিয়া আজ এ মামলায় জামিন পাবেন।’
এদিকে আপিলের শুনানিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ৮ টা থেকে হাইকোর্ট এলাকায় পুলিশ নিরাপওা জোরদার করেছে।
এর আগে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন। একইসঙ্গে ওইদিন আপিল বিভাগ জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করেছেন। এ ছাড়া আদালত দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন।