শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

কে হচ্ছেন আ.লীগের সাধারণ সম্পাদক?

নিজস্ব প্রতিবেদক::

টানা তিন মেয়াদে ক্ষমতাসীন দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন চলছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার(২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় তথা কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। ইতোমধ্যে জানা গেছে, এ কাউন্সিলের মধ্যদিয়ে একঝাঁক তরুণ নেতাকে দলের সাংগঠনিক কাঠামোর সামনের সারিতে আনা হচ্ছে। আর সভাপতি পদে শেখ হাসিনা থাকলেও সাধারণ সম্পাদক পদে কে আসছেন তা নিয়েই হচ্ছে যত জল্পনা-কল্পনা।

দলমত নির্বিশেষে সকলেরই কৌতুহল- এবার গুরুত্বপূর্ণ এই পদটিতে কি বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই বহাল থাকছেন, নাকি নতুন কোনো মুখ আসছেন- তা জানতে। বিষয়টি নিয়ে অন্ধকারে খোদ দলটির নীতিনির্ধারকরাই।

এ পদে ওবায়দুল কাদেরের পাশাপাশি যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আইন সম্পাদক ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

শুধু সাধারণ সম্পাদক পদই নয় কেন্দ্রীয় কমিটিতে কোন তরুণ নেতারা ঠাঁই পাচ্ছেন বা বর্তমান কমিটি থেকে কারা কারা বাদ পড়ছেন সে বিষয়েও সুনির্দিষ্ট ধারণা দিতে পারেননি দলের নীতিনির্ধারকদের। আজকের কাউন্সিল শেষ হলেই অবশ্য সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক নেতাদের কয়েকজনকে বৃহস্পতিবার গণভবনে দেখা গেছে। তবে গতকাল শুক্রবার এসব কোনো নেতাকেই প্রধানমন্ত্রীর বাসভবনে যাননি। তবে জাতীয় সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ওবায়দুল কাদেরের। এসময় তাকে নির্ভারই মনে হয়েছে। এ বিষয়টি নিয়ে তিনি মুখ না খুললেও ওবায়দুল কাদেরকেই এ পদে আবারো দেখতে চান প্রধানমন্ত্রী, এমন সংকেত পেয়েছে বলে কাদেরের ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন।

তবে ভিন্ন তথ্য জানিয়েছে সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী কয়েকজন নেতা। তারা বলেছেন, এখনো কাউকেই সবুজ সংকেত দেননি প্রধানমন্ত্রী।

নানা আলোচনায় ঘুরেফিরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্ভাবনার কথা বলা হলেও বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারছেন না দলের কোনো পর্যায়ের নেতাও। এমনকি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিরাও এ ব্যাপারে একদম মুখে কুলুপ এঁটে রেখেছেন।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক জানিয়েছেন, সাধারণত জাতীয় সম্মেলনের ৩-৪ দিন আগে থেকেই কে দলের সাধারণ সম্পাদক হচ্ছেন তা প্রায় নিশ্চিত হওয়া যেত। কিন্তু এবারের চিত্র একেবারেই আলাদা। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুর পর বেশ মর্মাহত হয়ে আছেন তিনি। যে কারণে বিষয়টি সম্পর্কে কিছু আঁচ করা যাচ্ছে না।

১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন ৯ জন নেতা। সবচেয়ে বেশি চারবার করে পদটিতে আসীন হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। এছাড়াও তাজউদ্দীন আহমদ তিনবার এ দায়িত্বভার সামলেছেন। আর আবদুর রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দা সাজেদা চৌধুরী দুইবার করে এবং এছাড়া প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, আবদুল জলিল ও বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একবার করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com