মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
আইন-আদালত ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার জামিন হচ্ছে না কেন, সে বিষয়ে আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন। জবাবে আইনজীবীরা আগামী ৮ মে তার জামিন হতে পারে বলে আশ্বস্ত করেছেন।
০৫ মে শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশ্ন করেন। সাক্ষাৎ শেষে আইনজীবীরা বেরিয়ে কারাফটকে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়া তাদের কাছে জানতে চেয়েছেন, ‘আমিতো কোনোও অন্যায় করিনি, তাহলে আমার জামিন হচ্ছে না কেন? তখন আইনজীবীরা তাকে আশ্বস্ত করে বলেছেন, ৮ মে অরফানেজ ট্রাস্ট মামলাসহ অন্য সব মামলায় জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলেই তিনি মু্ক্তি পাবেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল নয়। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তিনি বাঁ হাত নাড়াতে পারছেন না। কারাগারের পরিবেশে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া দরকার।
এর আগে আজ শনিবার বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন আইনজীবীরা। আইনজীবীদের ওই প্রতিনিধি দলে ছিলেন- এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট আব্দুর রেজ্জাক খান, সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তখন থেকেই কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান।