বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

কুলাউড়ার রাজনীতির পরিচিত মুখ মুহিম খানের চিরবিদায়

কুলাউড়ার রাজনীতির এক অধ্যায়ের অবসান

স্টাফ রিপোর্টার :

মৌলভীবাজারের কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত মুখ, প্রবীণ রাজনীতিক ও সমাজসেবক মুহিম খান (৭০) আর নেই। দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা জটিলতায় ভোগার পর মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কুলাউড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুহিম খান ছিলেন কুলাউড়ার রাজনৈতিক পরিমণ্ডলে একজন সৎ, স্পষ্টভাষী ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনস্বার্থ, ন্যায়বিচার এবং সামাজিক সম্প্রীতির প্রশ্নে আপসহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন। স্থানীয় মানুষের নানা সমস্যা সমাধানে তাঁর ভূমিকা আজও অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মুহিম খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী, কেন্দ্রীয় পর্যায়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুক্তরাজ্যয়ে উচ্চশিক্ষায় (ডক্টরেট) অধ্যয়নরত সাঈদ খান শাওন।

বাবার মৃত্যুতে আবেগঘন প্রতিক্রিয়ায় সাঈদ খান শাওন গণমাধ্যমকে বলেন, “আমার বাবা সারাজীবন সংগ্রাম করে মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তবে সবাই তাঁকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি ছিলেন ন্যায়ের পক্ষে অবিচল সৈনিক, সত্য ও আদর্শের প্রশ্নে আপসহীন একজন মানুষ। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমিও যেন মানুষের পাশে থাকতে পারি—সবার কাছে আমার বাবার রুহের মাগফিরাত কামনা করছি।” পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় কুলাউড়ার ঐতিহ্যবাহী মনসুর শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়

মুহিম খানের মৃত্যুতে কুলাউড়া শুধু একজন প্রবীণ রাজনীতিককেই হারায়নি; হারিয়েছে একজন নীতিবান জননেতা, যিনি দীর্ঘ সময় ধরে মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর প্রস্থান স্থানীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও এলাকাবাসী।

কুলাউড়ার প্রবীণ ব্যক্তিত্ব মুহিম খানে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, শফিউল আলম চৌধুরী নাদেল,কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফি আহমদ সলমান, মাওলানা ফজলুল হক খান শাহেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার শাখার সভাপতি সমকাল প্রতিনিধি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনহার আহমদ শমসাদ, সমকালের সিলেট স্টাফ রিপোর্টার ফয়সাল আহমদ বাবলু, নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, কালের কন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, সিনিয়র সাংবাদিক মোক্তাধির হোসেন, সাপ্তাহিক সীমান্তের ডাকের নির্বাহী সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এস আলম সুমন, সমকাল কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, একুশের কণ্ঠে পরিবার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com