শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় খালেদা জিয়ার অন্তবর্তী জামিন নামঞ্জুর

একুশের কণ্ঠ অনলাইন:: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্তবর্তী কালিন জামিন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা অন্তবর্তী কালিন জামিন আবেদন করলে আদালতের বিচারক জেসমিন আরা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। খালেদার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ এপ্রিল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার ৫ নং আমলী আদালতের জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন নামঞ্জুর করেন। এর প্রেক্ষিতে খালেদা জিয়ার আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে আজ সোমবার অন্তবর্তী কালীন জামিনের আবেদন করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com