মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

কাকরাইলে মা-ছেলে হত্যা মামলায় প্রতিবেদন ২৬ এপ্রিল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কাকরাইলে মা ও ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আলী হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৬ এপ্রিল ঠিক করেন।

প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আটক করা শামসুন্নাহার করিমের স্বামী আবদুল করিম ও করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমিন মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩ নভেম্বর দিবাগত রাত ৩টায় গোপালগঞ্জ থেকে মামলার মূল আসামি জনিকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। ৫ নভেম্বর জনির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড চলাকালীন সময়ে ৮ নভেম্বর জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমীন আক্তার মুক্তাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com