শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

উচ্চ আদালতে থাকা দুই মামলায় জামিন হলে মুক্তি পাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক::

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর অসুস্থতার কথা বলে তার আইনজীবীরা বার বার জামিন আবেদন করলেও তা মেলেনি। চিকিৎসার জন্য একবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন ভর্তি ছিলেন। বর্তমানে আবারও একই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে কয়েকবার খালেদা জিয়ার মুক্তির গুঞ্জন শুনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। তবে দীর্ঘ আলোচনা শেষে বিএনপি জোটের ৭ জন সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে গেলে বিষয়টি আবারো আলোচনায় আসে। ধারনা করা হচ্ছিল বিএনপির সদস্যরা সংসদে গেলে খালেদা জিয়ার মুক্তি মিলতে পারে। আর তাদের শপথের পর এখন খুব শিগগিরই খালেদা জিয়ার মুক্তির আশা করছেন বিএনপি নেতা-কর্মীরা।

জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, উচ্চ আদালতে থাকা দুই মামলায় জামিন হলে খালেদা জিয়ার মুক্তিতে কোন বাধা দেখছিনা। তিনি বলেন, নিম্ন আদালতের দুটি মামলায় গ্রেফতার সংক্রান্ত পরোয়ানা থাকলেও সেগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়নি। আর ওই দুটিই জামিন যোগ্য মামলা। তাই আগামী রোজার মধ্যেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ধর্র্মীয় উস্কানি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে গুলশান থানার মামলায় পরোয়ানা থাকলেও গ্রেফতার দেখানো হয়নি। তাই উচ্চ আদালতে থাকা দুই মামলায় জামিন পেলে খালেদা জিয়ার মুক্তিতে কোন বাধা থাকবেনা বলে জানান তিনি।

উচ্চ আদালতে থাকা দুই মামলা হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছর সাজা দিয়েছিলেন। তবে হাইকোর্টে খালাস চেয়ে আবেদন করলে তার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়, সেইসঙ্গে জামিনও চাওয়া হয় এ মামলায়। বিষয়টি এখন আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।

আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ৭ বছরের সাজা দিয়েছেন খালেদা জিয়াকে। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। গত ৩০ এপ্রিল এ মামলায় খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। অর্থ দণ্ড স্থগিত করে সম্পত্তি বাজেয়াপ্ত আদেশে স্থিতাবস্থাও জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে নিম্ন আদালতের নথি চাওয়া হয়েছে। নথি আসলে জামিন বিষয়ে আদেশ দিবেন বলে জানান হাইকোর্ট।

এছাড়া গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে। আর নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com