মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: সংবিধান মোতাবেক দ্রুত উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে নীতিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। নীতিমালা প্রণয়ন করে হাইকোর্টের রায়ের আলোকে দক্ষ এবং যোগ্য বিচারপতি নিয়োগের জানিয়েছে সংগঠনটি।
৩০ এপ্রিল সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের শহিদ সফিউর রহমান মিলনায়াতনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি জয়নুল আবেদিন। সংবাদ সম্মেলনে সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি এম গোলাম মোস্তফা, ড. মো: গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, আমরা শুনতে পাচ্ছি খসড়া নীতিমালা প্রণয়ন না করেই সরকার উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের পায়তারা করছেন। তিনি বলেন, বিচারপতি নিয়োগ হউক সেটা আমরাও চাই। তবে সেটা হতে হবে সংবিধানের ৯৫(২) অনুচ্ছেদ অনুযায়ী। বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন যদি বিলম্ব হয় তাহলে হাইকোর্টের গত বছরের ১৩ এপ্রিলের রায়ের আলোকে বিচারপতি নিয়োগের জন্য জোর দাবি জানাচ্ছি।
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আমরা শুনতে পাচ্ছি খসরা নীতি মালা না করেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের পাঁয়তারা করা হচ্ছে। বিচারপতি নিয়োগ হোক এটা আমরাও চাই তবে, সেটা হতে হবে সংবিধান সম্মত।
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, দেশের সর্বোচ্চ আদালতে অবশ্যই দক্ষ, মেধাবী এবং যোগ্যাতা সম্পন্ন বিচারক নিয়োগের মাধ্যমে একামাত্র বিচার বিভাগ যথাযত বিচার কার্য পরিচালনায় সক্ষম। তিনি বলেন, এখানে বিচার পরিচালনা হবে দলমদের উর্ধ্বে।
তিনি বলেন, সংবিধান মোতাবেক বিচারপতি নিয়োগ পাবেন, শপথ নিবেন। এটাই সুপ্রিম কোর্ট বার এবং দেশের জনগণের প্রত্যাশা। তাই আমরা সরকার এবং প্রধান বিচারপতির কাছে আহ্বান জানাচ্ছি। অনতি বিলম্বে সংবিধান মোতাবেক নীতিমালা প্রণয়নের মাধ্যমে হাইকোর্টের রায়ের আলোকে বিচারপতি নিয়োগের কাজ অতি দ্রুত সম্পন্ন করবেন।
জয়নুল আবেদীন বলেন, ২০১৭ সালের ১৩ এপ্রিল হাইকোর্টের এক রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, কার্যকর এবং বস্তুনিষ্ঠ করার প্রয়োজনের সাতটি যোগ্যতা নির্ণায়ক উল্লেখ করা হয়। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংবিধানের অষ্টম অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রতি অকৃত্রিম আনুগত্য থাকতে হবে এবং মেধা সম্পন্ন, পেশাগত দক্ষতা, সুক্ষ্ম বিচারশক্তি ও ন্যায়পরায়ণতা সম্পন্নদেরই কেবল সুপারিশ করা যাবে। তিনি বলেন, সংবিধান মোতাবেক নীতিমালা প্রণয়ন না করে বা হাইকোর্টের রায়ের আলোকে বিচারপতি নিয়োগ না করা হলে আইনজীবী সমাজ ও দেশের জনগণ তা গ্রহণ করবে না।