শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

আ:লীগের বিচার হবে জনগনের আদালতে-মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে॥

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিচার হবে জনগনের আদালতে। কারণ তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা আজ সমাজটাকে ধ্বংস করে দিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমানে খবরের কাগজ খুললেই খুন-ধর্ষণ ছাড়া কোন কিছুই চোখে পড়েনা। এরূপ সমাজ আমরা চাইনি। আজকে স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে তারা (আ:লীগ) শুধু উৎসব করছে। কতো ধরনের উৎসব তার কোন হিসাব নেই। কিন্তু সাধারণ মানুষ কষ্টে যন্ত্রনায় দিনাতিপাত করছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, রাজনীতি করতে চায়, সুস্থ দেশ গড়তে চায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, এই এক বছরে গণতন্ত্রের নূন্যতম যেটুকু বাকী ছিলো সেটিও তারা ধ্বংস করে দিয়েছে। এমন একটি নির্বাচন নেই যে নির্বাচনে শুধু তারাই ভোট দেয়, অন্য কেউ ভোট দেয়না। এক কথায় এই দেশটি সম্পূর্ণ ভাবে দূর্বৃত্তদের হাতে চলে গেছে। একটি দল যারা সন্ত্রাস করছে তাদের হাতে চলে গেছে। ওরা(আ:লীগ) গণতন্ত্রের চর্চা করেনা। ওরা বন্ধুক পিস্তল নিয়ে রাষ্ট্রীয় যন্ত্র(পুলিশ-র‌্যাব) ব্যবহার করে পুরো ক্ষমতাটাকে দখল করে নিয়েছে।

বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে আনোয়ার হোসেনকে পুনরায় সভাপতি ও ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com