শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

আরফিন রুমির গানে কলকাতার নায়িকা মিমি

বিনোদন ডেস্ক:: আরফিন রুমির নতুন গান ‘তুই আর আমি’র ভিডিওর প্রমো আগেই প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন জুটি বাঁধেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। রুমির কণ্ঠের সঙ্গে নিরব-মিমির পারফরমেন্সে মুগ্ধ হন তিন তারকার ভক্ত। সবাই অপেক্ষায় ছিলেন পুরো গান-ভিডিওটির।

অবশেষে গতকাল (২৪ ডিসেম্বর) রাতে পুরো ভিডিওটি টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। আর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব।

গানটির মুখ-‌‘তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’ এর আগে এটি ‘গান বাংলা’ টিভি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।

গানটি নিয়ে আরফিন রুমি বলেন, ‘এটা আমার খুব প্রিয় একটি গান। তাপস ভাই খুব যত্ন নিয়ে আমার জন্য বানিয়েছেন। গানটির ভিডিওটিও করা হয়েছে অনেক বড় পরিসরে। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন আমাদের দেশি নায়ক নিরব হোসেন। সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে। সাড়াও পাচ্ছি বেশ। আশাকরি এটি ধীরে ধীরে আরও ছড়িয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com