শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

আমরা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:: আমরা একটি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই দুঃসময় শুধু সংবাদমাধ্যমে নয়, এই দুঃসময় শুধু বিএনপিতে নয়, এই দুঃসময় পুরো জাতির জন্য।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বিচারব্যবস্থায় দলীয়করণ করা হয়েছে। প্রশাসনে দলীয়করণ করা হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বেশির ভাগ সাংবাদিক এখন সেলফ সেন্সরশিপে ভুগছেন। আজকে সাংবাদিকেরা লেখার আগে চিন্তা করেন, আমার কী হবে? এটাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

নিউইয়র্কে আওয়ামী লীগের প্রেস কনফারেন্সে একজন সাংবাদিককে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এটাই আওয়ামী লীগের চরিত্র। যখনই তাদের মতের বিরুদ্ধে বলবেন, তখনই নির্যাতন করা হবে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই কমিশন একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। আমাদের ৫২ জন বুদ্ধিজীবী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়নের কথা বলেছেন। এটা ভালো কথা, কিন্তু এই আইনটা করবে কে? যে পার্লামেন্ট করবে, সেখানে আওয়ামী লীগ ছাড়া কিছু নেই। যারা এ দেশের গণতন্ত্র হরণ করেছে, জনগণের সমস্ত অধিকার হরণ করেছে, তারাই এই আইন পাস করবে।

মির্জা ফখরুল বলেন, রাশিয়াতে নির্বাচন হলো। সেখানে পুতিন বারবার নির্বাচনে জয়ী হচ্ছেন। আজকে বাংলাদেশেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করেছে। দুর্ভাগ্য একটাই, আমাদের বিশিষ্ট নাগরিকেরা মাঝেমধ্যে কথা বলেন। কিন্তু এসব বিষয়ে তাদের যে একটা শক্তিশালী বক্তব্য দরকার, সেটা আমরা দেখছি না।

ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী সভাপতিত্বে বক্তব্যে দেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আজিজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com