বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

আবারও যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

বিনোদন ডেস্ক:: দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ দেখার জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আগামী ৪ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এর মুক্তি স্থগিত করা হয়েছে। মূলত বিশ্বজুড়ে বড় পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

সম্প্রতি সিনেমা প্রদর্শকদের বার্ষিক আয়োজন ‘সিনেমা কন’-এ সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, বিশ্ববাজারের এই ইতিবাচক সাড়া এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন ডিলগুলো চূড়ান্ত করতেই মুক্তির সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি গত ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় পেছাল ছবিটির মুক্তির তারিখ।

সিনেমাটির সহ-রচয়িতা ও প্রযোজক যশ বলেন, কিছু সিনেমা শুধু নির্মাণের জন্য হয় না, বরং সিনেমাকে কেন আমরা ভালোবাসি তা মনে করিয়ে দেওয়ার জন্য হয়। ‘টক্সিক’ তেমনই এক যাত্রা। সিনেমা কন-এ আমাদের উপস্থাপনার পর যে বৈশ্বিক প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে এই সিনেমাটি বিশ্বজুড়ে সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি রাখে।

তিনি আরও বলেন, ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমি মনে করি, আমাদের দায়বদ্ধতা রয়েছে সিনেমার মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার। বিশ্বজুড়ে সঠিক প্রভাব তৈরি করতে আমরা কিছুটা সময় নিচ্ছি যেন সঠিক সময়ে সবার কাছে পৌঁছাতে পারি।

গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাসহ অন্যান্য ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com