শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

আবারও বিএনপির শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে দুদুকের অনুসন্ধান

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির শীর্ষ এক ডজনের বেশি নেতার বিরুদ্ধেও সচল রয়েছে বিভিন্ন দুর্নীতির মামলা। তবে আবারও নতুন করে নির্বাচনের বছরে বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে দুদকের মামলায় দন্ডিত হয়ে এখন কারাগারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আর সম্প্রতি দলটির যেসব নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- নজরুল ইসলাম খান, ড. খোন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আবদুল আওয়াল মিন্টু, তাবিথ আউয়াল, মোর্শেদ খান, ফয়সাল মোর্শেদ খান এবং হাবিবুন্নবী খান সোহেল।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ৩টি বেসরকারি ব্যাংকে আবদুল আউয়াল মিন্টুর অ্যাকাউন্ট থেকে ১১, ১৫ এবং ২০শে ফেব্রুয়ারি ৩২ কোটি টাকা উত্তোলন করা হয়। একই মাসে তার সন্তান তাবিথ আউয়ালের অ্যাকাউন্ট থেকে সন্দেহজনকভাবে উত্তোলন হয় ২০ কোটি টাকা। ২৭শে ফেব্রুয়ারি বিএনপি নেতা মোর্শেদ খানের একটি অ্যাকাউন্ট থেকে ১৮ কোটি টাকা উত্তোলন করা হয়। তার ছেলে ফয়সাল মোর্শেদ খানের অ্যাকাউন্ট থেকেও ২৬শে ফেব্রুয়ারি উত্তোলন করা হয় ৯ কোটি টাকা।

ড. খন্দকার মোশাররফ হোসেন ৩রা মার্চ থেকে ১২ই মার্চের মধ্যে একটি বেসরকারি ব্যাংক থেকে ২১ কোটি টাকা উত্তোলন করেছেন। তার অ্যাকাউন্টের ৬টি চেকে টাকা তোলা হয়েছে ঢাকার বাইরে থেকেও। ২৮শে ফেব্রুয়ারি এবং ৪ঠা মার্চ ঢাকা ব্যাংকে মির্জা আব্বাসের অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করা হয়।

এছাড়া নজরুল ইসলাম খান এবং হাবিবুন্নবী খান সোহেলের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। কারও নাম উল্লেখ না করে দুদক সচিব শামসুল আরেফিন বলেন, ব্যক্তি নয়, দুর্নীতির বিরুদ্ধেই তারা ব্যবস্থা নিয়ে থাকেন।

তবে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, রাজনৈতিকভাবে ব্যবহার হলে দুদক প্রশ্নবিদ্ধ হবে।

দুদক সুত্রে জানা গেছে, চলতি সাপ্তাহে ৯ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করবে দুদক। পাশাপাশি তাদের সম্পদের হিসাবও জমা দিতে বলবে সংস্থাটি। সূত্র : ডিবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com