শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই ফেটে পড়ুন, উঠে দাঁড়ান, জাগ্রত হোন। তাকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই তাকে কারামুক্ত করবো এবং এদের (আওয়ামী লীগকে) পতন ঘটাবো।’
তিনি বলেন, ‘আন্দোলনের মধ্যদিয়েই আমরা দেশনেত্রীকে কারামুক্ত করবো, তার আগে অন্য কোনো কিছু চিন্তা করবো না। আমরা এখন একেবারেই শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক আন্দোলন করছি এবং এই শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়েই আমরা এদের পতন ঘটাবো। বাধ্য করবো দেশনেত্রীসহ আমাদের সকল রাজবন্দিদের মুক্তি দেয়ার জন্য।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনয়াতনে বিএনপি আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুর এ্যানির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মা তিনি আজকে কারাগারে বন্দি। দেশে গণতন্ত্র যতটুকু অর্জন হয়েছিল, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করেছিলেন, গৃহবধূ হয়ে দেশের পথেপ্রান্তরে গণতন্ত্রের জন্য বেরিয়েছেন সেই সেই মাকে আজকে বন্দি করা হয়েছে। ফেটে পড়ুন সবাই, উঠে দাঁড়ান, সবাই জাগ্রত হোন এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। কোনো বিকল্প নেই, আন্দোলন, আন্দোলন, আন্দোলন।’
তিনি বলেন, ‘প্রতিটা মানুষ একবার সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা সুযোগ পেলে এই সরকারকে চিরতরে উৎখাত করবে।’
গায়ের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের সমস্ত অধিকার কেড়ে নেয়া হয়েছে। গণতন্ত্র ধূলিস্যাৎ করা হয়েছে। মওদুদ স্যারের আজ গাজীপুরে মিটিং করার কথা ছিল। রাতে ফোনে জানিয়ে দেয়া হলো মিটিং হবে না। চট্টগ্রামে খসরু ভাই জোর দিয়ে লালদীঘি ময়দানে সমাবেশ করতে চাইলো। শেষ মুহূর্তে পার্টি অফিসের সামনে দেয়া হলো। খুলনায় এক ঘণ্টা আগে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।’
সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এফবিআই তদন্ত করেছে যে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের মাধ্যমে যে রিজার্ভ লুট করা হয়েছে তাতে বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এখন সরকার মেগা প্রকল্প দেখাচ্ছে। মেগা প্রকল্পের মাধ্যমে মেগালুট হচ্ছে। ৭০ টাকায়ও এখন চাল পাওয়া যায় না। অথচ তারা ১০ টাকার চালের কথা বলেছিল। সবকিছুর দাম এখন তিন চার-গুণ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অবৈধ সরকারের, অবৈধ প্রধানমন্ত্রী তিনি নিজে যেটা করেন সেটা অন্যও করছে। আমাকে অনেকে বলেন এ কথার উত্তর দেন না কেন? আমি বলেছি এগুলোর উত্তর দেয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বাধে, আমাদের রুচিতে বাধে। রাজনৈতিক সৃষ্টাচারে বাধে। আপনি বলুন যে দেশের মানুষের জন্য কী করেছেন? সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন।’
সভায় অন্যদের মধ্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।