রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

আনিস খাদেম হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক::

ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেমকে গুলি করে হত্যায় করার মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুর রহমান খাদেম, মাহবুব আলম লিটন, শেখ শামীম আহম্মেদ, জুয়েল, কামাল হোসেন বিপ্লব, সোহেল।

আবদুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজগর হোসেন রানাকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ৩ মে আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে মালিবাগ হোল্ডিংয়ের পশ্চিম পাশে পরিকল্পিতভাবে আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন তার ছেলে সাইদুল হক খাদেম রাজধানীর মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেন।

২০০৯ সালের ৩০ নভেম্বর আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন র‌্যাব-৩ এর সদস্য মজিবুর রহমান। অভিযুক্ত আটজনই আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০১৪ সালের ৮ জুন আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/৩৭৯/৪১১ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময়ে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষ মামলাটি পরিচালনা করেন মো. আবদুল কাদের পাটোয়ারী এবং আসামিপক্ষে মাহবুব আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com