শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

আজ বঙ্গভবনে যাচ্ছে জাসদ

অনলাইন নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে রাষ্ট্রপতির সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল ৪টায় বঙ্গভবনে যাবে। দলের বাকি সদস্যরা হলেন-জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, শাহ জিকরুল আহমেদ এবং রেজাউল করিম তানসেন।

ইসি গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন এই সংলাপে অংশ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। ইসি গঠনে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব দেয়। দ্বিতীয় রাজনৈতিক দল হিসাবে জাসদও ইসি গঠনে সংবিধানের নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানাবে। এছাড়াও সার্চ কমিটি গঠনের জন্য তারা একটি কাঠামোগত প্রস্তাব দেবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং প্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম এমন একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনেরও দাবি জানাবে দলটি।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়। চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট ৩১টি দল এই সংলাপে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com