শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ ২৪ ডটকম : জানুয়ারি বুধবার (আজ) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাসের কারণে দেখতে দেখতে ১০টি মাস পার হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটহীন থেকেছে বাংলাদেশের ক্রিকেট। আজ থেকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের টাইগাররা। এরমধ্য দিয়ে ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার মিশনও শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের।
মার্চের পর প্রায় সাতমাস পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশে ক্রিকেট খেলা শুরু হয়েছে। এরপর নবেম্বর-ডিসেম্বরে হয়েছে বঙ্গবন্ধু টি২০ কাপ। এরআগে পাঁচমাস ঘরবন্দী থাকার পর ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করে। এরপর ধীরে ধীরে দলীয় অনুশীলনও শুরু হয়। খেলার মধ্যেও থাকে। ঘরোয়া ক্রিকেট খেলা হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলাই হচ্ছিল না। যেখানে করোনার প্রভাব দূর করে প্রতিটি টেস্ট খেলুড়ে দলই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে, সেখানে গত বছর মার্চের পর বছরটিতে আর আন্তর্জাতিক ক্রিকেটই খেলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
করোনার প্রভাবে গত বছর মার্চ থেকে শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও ওয়ানডে খেলা স্থগিত হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল। তাও স্থগিত হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একবার এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুইবার সিরিজ স্থগিত হয়েছে। এশিয়া কাপ হয়নি। টি২০ বিশ্বকাপও হয়নি। নিউজিল্যান্ডে গিয়ে টি২০ সিরিজ খেলা হয়নি। সব খেলাই ভেস্তে গেছে। এখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে যখন ফিরছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ দিয়ে নতুন বছরে তখন সামনে কঠিন চ্যালেঞ্জও এসে পড়েছে।
ভারতে ২০২৩ সালে হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ভারত ছাড়া আর সাতটি দলকে র্যাঙ্কিংয়ের সেরা সাতে থাকতে হবে। সেই র্যাঙ্কিং সাধারণ র্যাঙ্কিং দিয়ে তুলনায় আসবে না। এই র্যাঙ্কিংয়ের জন্য ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে সুপার লীগের আয়োজন করেছে। এই সুপার লীগের সেরা সাত দলই ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে। বাকিদের খেলতে হবে বাছাইপর্ব। সরাসরি যারা খেলতে পারবে না তাদের বাছাইপর্ব উতরে পরের ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে।
সুপার লীগে খেলা দলগুলোর মোট আটটি সিরিজ খেলতে হবে। চারটি করে হোম ও এ্যাওয়ে সিরিজ ম্যাচ। সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে। সিরিজে ৩০ পয়েন্টের মধ্যে এক ম্যাচ জিতলেই ১০ পয়েন্ট করে মিলবে। টাই বা প- হলে ৫ পয়েন্ট মিলবে। এভাবে করে ২০২২ সালের মে পর্যন্ত চলবে খেলা। ভারতের বাইরে যে সাতটি দল পয়েন্ট তালিকায় সেরা সাতে থাকবে তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সুপার লীগে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে হোমে এবং নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুইয়ে ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এ্যাওয়ে সিরিজ খেলবে। শুধু বাংলাদেশই নয়, ওয়েস্ট ইন্ডিজেরও সুপার লীগে খেলা শুরু হবে আজ। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার মিশন তাদেরও শুরু হবে। গতবার ক্যারিবীয়রা বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে খেলেছে। এবার সরাসরি খেলতে চায় তারা। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স তো এ নিয়ে বলেছেনও, ‘এই সিরিজ দিয়ে আমাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে। আইসিসি ওয়ানডে সুপার লীগ টুর্নামেন্টে দিয়ে আমাদের মূলপর্বে জায়গা করে নিতে হবে। আমরা সবসময় জয়ের জন্য মাঠে নামি। ২২ জানুয়ারি দ্বিতীয় ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডেতে খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে খেলা দিয়ে বাংলাদেশের টাইগারদের বিশ্বকাপে সরাসরি খেলার মিশন শুরু হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছে।’