শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০২১ (বেলা ১১টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com