শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

আইনমন্ত্রীর সঙ্গে বিএনপির ১৫ আইনজীবীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কথা বলতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থী সিনিয়র ১৫ আইনজীবী।

মঙ্গলবার দুপুর দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে তারা এই বৈঠকে বসবেন।

বিষয়টি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কাজল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমূর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকী।

এর আগে গত রবিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আইনমন্ত্রী বরাবর প্রতিনিধি দলের তালিকা পাঠানো হয়।

এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসনর খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাচ্ছে দল ও পরিবার। এই দাবিতে আন্দোলনও করছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখা হয়েছে। তাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com