শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি বলেছেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে আমূল পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা সমগ্র উত্তরাঞ্চলে আধুনিক শিক্ষা ও বিশ্বমানের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শনিবার (০২ মে) সকালে লালমনিরহাটে অবস্থিত এএইউবি’র মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, লালমনিরহাট একসময় মঙ্গাপীড়িত ও পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ এখানে মহাকাশ গবেষণার মতো উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা লালমনিরহাটকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছি,অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি তার অন্যতম এক বড় ভিত্তি। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অত্র এলাকায় যোগাযোগ অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার সৃষ্টি হবে, তাতে করে স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বেড়ে যাবে। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে মন্ত্রী দুলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নিজস্ব স্যাটেলাইট ও উন্নত বিমান প্রযুক্তি। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে জ্ঞান আহরণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের পরামর্শ দেন শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দেশপ্রেমের বীজ বপন করার জন্য।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন ‘SPACE & BEYOND’এর মোড়ক উন্মোচন করেন ত্রানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা ও বিভাগীয় পর্যায়ের উচ্চপদস্থ সামরিক, এএইউবি পরিবারের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ৩ জুলাই ২০২২ তারিখ থেকে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু করে এএইউবি। বর্তমানে ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বর্ণাঢ্য উদযাপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।