মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

অসুস্থ থাকায় খালেদাকে আদালতে হাজির করা হয়নি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: শারীরিকভাবে অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির করা হয়নি।

আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করার কথা ছিল।

তবে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমদ তালুকদার জানান, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে আদালতে পাঠানো সম্ভব নয়।

আইনজীবীরা জানান, আদালতে কারা কর্তৃপক্ষ থেকে পাঠানো ‘কাস্টডি’তে বলা হয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি আর্থ্রাইটিস রোগে ভুগছেন। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। অসুস্থতাকে বিবেচনায় নিয়ে আদালত ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়িয়েছেন। একই সঙ্গে ওই তারিখ পর্যন্ত মামলার শুনানি মুলতবি করেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারিত ছিল। এদিন খালেদা জিয়াকেও আদালতে হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত।

তবে এর আগে, গত ২৮ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিনও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। পরে বিচারক ৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।

এ বিষয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

দুদকের এই আইনজীবী আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে তিনি ওই মেডিক্যাল বোর্ডের পরামর্শে ওষুধ সেবন করছেন না। তাকে ব্যক্তিগত চিকিৎসক দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, আদালতের শুনানিতে দুদকের আইনজীবী ভিডিও কনফারেণ্সের মাধ্যমে খালেদা জিয়ার উপস্থিতি দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থপন করার আবেদন করেন। তবে খালেদা জিয়ার আইনজীবী রেজাক খান এর বিরোধীতা করে বলেন, এটা সামরিক আদালত নয়। খালেদা জিয়া অসুস্থ্য তিনি সুস্থ হওয়ার পর মামলার যুক্তি উপস্থপন শুরু করার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম ২২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com