মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ফাহিম হোসেন, দোহার থেকে:: আনাচে কানাচে নামে বেনামে গড়ে উঠেছে চাইনিজ ও রেষ্টুরেন্ট। এসবের আড়ালে উঠতি বয়সী তরুণ তরুনীরা ভীড় জমিয়ে আড্ডায় মেতে উঠে এবং স্কুল কলেজের সময়ে তারা অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ভাইরাল হলে টনক নড়ে দোহার উপজেলা প্রশাসন ও পুলিশের।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দোহারের কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় প্রশাসন। এসময় এক রেষ্টুরেন্ট মালিককে ৭দিনের কারাদন্ড দেয়া হয়।
জানা গেছে, ঢাকার দোহারে রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে চলা অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ রুখতে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন চাইনিজ ও রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ।
অভিযানে ‘ড্রিম জুন চাইনিজ’ রেষ্টুরেন্টের ভেতরে থাকা সকল রহস্যময় ও তথাকথিত ‘গোপন কক্ষ’ থেকে পর্দা অপসারণ করা হয় এবং এ ধরনের অপতৎপরতা বন্ধে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। পরবর্তীতে ‘জয়পাড়া স্টার কাবাব এন্ড রেষ্টুরেন্ট’-এ তল্লাশি চালিয়ে এক নারীকে আটক করা হয়। তবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলেও অসামাজিক কাজের সুযোগ করে দেওয়ার অপরাধে ছাড় পাননি প্রতিষ্ঠানের মালিক। অপরাধের গুরুত্ব বিবেচনা করে রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল কাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ বলেন, “রেষ্টুরেন্ট বা চাইনিজ সেন্টারের আড়ালে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যারা খাবারের ব্যবসার আড়ালে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং সমাজবিরোধী কাজে মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এই অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।”
দোহার থানা পুলিশের একটি দল এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে । অভিভাবকরা মনে করছে তাঁদের ছেলে মেয়েরা কিছুটা হলে নিরাপদ পরিবেশে স্কুল কলেজে যেতে পারবে।
উল্লেখ্য দোহার উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের প্রায় অর্ধশত রেষ্টুরেন্ট বা পার্টি সেন্টার রয়েছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এসব স্পটে তরুণ তরুণীদের ভীড় থাকে।