রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধি (শুভাশিস গোস্বামী):: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপঅঞ্চল, ঢাকা আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর দাবা (ছাত্র) বিভাগে অসাধারণ সাফল্য অর্জন করেছেন অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী অর্ঘ্য চক্রবর্তী। প্রতিযোগিতায় মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি ঢাকা বিভাগে রানার্সআপ শিরোপা অর্জন করেছেন।
দাবার বোর্ডে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে অর্ঘ্য প্রথমে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এরপর থানা পর্যায়েও প্রথম স্থান ধরে রেখে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানেও কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন। সর্বশেষ ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ঘ্য চক্রবর্তী ছোটবেলা থেকেই দাবার প্রতি আগ্রহী। পড়াশোনার পাশাপাশি দাবা চর্চা করে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। তার এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অর্ঘ্য চক্রবর্তী কৃষ্ণাশিস গোস্বামী ও প্রণব চক্রবর্তীর একমাত্র সন্তান। তার এই অর্জনে পরিবার যেমন গর্বিত, তেমনি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
অর্ঘ্যর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের জন্যও একটি গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্ঘ্য চক্রবর্তীর ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।