বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফারাক্কাবাঁধ ইউনিয়নের জয়নুল মুদিখানা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বিরল উপজেলার ফরাক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দিনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজামের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
জানা যায়, বোচাগঞ্জ থেকে ধানবোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮-৭৯০২) ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ফারাক্কাবাঁধ ইউনিয়নের জয়নুল মুদিখানা বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সামনে চলে এলে সেটিকে চাপা দেয় ট্রাকটি। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার ওসি নাসিম হাবিব জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।