বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ ওই এলাকার শামসুল হকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলীগ জামায়াতের মুসুল্লিদের মোবাইল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা শাহাদাৎ হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com